ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টা অবরুদ্ধ

- আপডেট: ০২:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 113
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভোটকেন্দ্র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের দেড় ঘণ্টারও বেশি সময় ঢুকতে দেওয়া হয়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে প্রবেশে বাধা দেওয়া হয় সাংবাদিক ও পর্যবেক্ষকদের। এ সময় তারা বারবার রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জহির)-এর কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থীরাও অভিযোগ তুলেছেন। সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভেতরে কী ঘটেছে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা প্রশ্ন এড়িয়ে যান। বরং তিনি বলেন, “আমার কাছে এখন পর্যন্ত তো কেউ আসে নি। আমি কীভাবে বুঝব ঢুকতে পারছে কি না!”
সেখানে উপস্থিত সাংবাদিকদের দাবি, রিটার্নিং কর্মকর্তা ‘নারীরা লাইনে দাঁড়িয়ে’ এমন অজুহাত দেখিয়ে তাদের প্রবেশে বাধা দেন।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়ছেন।











