বৃহস্পতিবার শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার

- আপডেট: ০২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 59
সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার। ওই দিন বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে থাকছে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার।
মেলাটি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এবং এফবিসিসিআইর যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ ব্যবসায়ী নেতারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দক্ষিণ এশীয় দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। এ মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার শুরু হয়ে মেলা চলবে রোববার পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হাতে বোনা টেক্সটাইল, কারুশিল্প সামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করবে। মেলায় পাকিস্তানের কুর্তি, শেরওয়ানি, আনারকলি ও প্রিমিয়াম অ্যালুমিনিয়াম কুকওয়্যার জাতীয় পণ্য পাওয়া যাবে। ভারতের টেক্সটাইল, সুগন্ধি মশলা, কাশ্মীরি মধু ও ননস্টিক কিচেনওয়্যারের স্টল থাকবে। পাহাড়ি মধু, হাতে তৈরি ক্রাফট ইত্যাদি থাকবে নেপালের প্রতিষ্ঠানের স্টলগুলোতে। শ্রীলঙ্কার প্রিমিয়াম কসমেটিকস, প্রাকৃতিক তেল ও ঐতিহ্যবাহী হ্যান্ডিক্রাফট সামগ্রী পাওয়া যাবে। ভুটানের অর্গানিক পণ্য, ঐতিহ্যবাহী টেক্সটাইল ও সাংস্কৃতিক সামগ্রী এবং আফগানিস্তানের সুগন্ধি, অ্যাম্বার, বখুর ও ঐতিহ্যবাহী ক্রাফট পাওয়া যাবে মেলায়।














