জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী তিন দলের ৪ নেতা

- আপডেট: ১২:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 73
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে যেহেতু রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, এ জন্য তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অতীতে সরকারপ্রধানদের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা জাতিসংঘে যেতেন। এই প্রথম ক্ষমতায় নেই– এমন রাজনৈতিক দলের নেতারা যুক্ত হচ্ছেন। আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।
বৈঠককালে জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচি ও অধিবেশনে যোগদানের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো বৈঠক হবে কিনা– সে বিষয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজনে কিছু বৈঠক যুক্ত হয়, কিছু বৈঠক বাতিল হয়।
রোহিঙ্গা বিষয়ে উল্লেখযোগ্য কর্মসূচি থাকবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, গতবারের সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ের সভা আহ্বানের জন্য প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছিলেন। এবার এটা নিয়ে আলোচনা হবে। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন, আরও প্রতিনিধিরা এসেছেন। এবার এই আলোচনা বিশেষ গুরুত্ব পাবে।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতন্ত্রে যাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এক বছরে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সেটা উপস্থাপন করা হবে। তরুণ, যুবসমাজের প্রত্যাশাও এবার তুলে ধরা হবে।
বিদেশ সফরে গেলে বর্তমান সরকারের উপদেষ্টারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এ বিষয়ে সরকারের আগাম কোনো প্রস্তুতি আছে কিনা– সে প্রসঙ্গে তিনি বলেন, সর্বশেষ মাহফুজ আলমের ঘটনার বিষয়ে আগে থেকেই প্রস্তুতি ছিল। যে গাড়িটিকে ‘হ্যারাস’ করা হয়েছে সেটাতে মাহফুজ ছিলেন না। নিউইয়র্কে তিন হাত দূরে দূরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে। কিন্তু ওইসব দেশে কেউ মিছিল করলে তারা বাধা দেয় না। নাশকতা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। নিউইয়র্কে এ রকম হ্যারাসের ঘটনা ঘটা অস্বাভাবিক না। এটা ঠেকানোর উপায়ও আমাদের নেই।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ প্রমুখ।










