পঞ্চগড়ে গ্রীণ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

- আপডেট: ০৫:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 198
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো গ্রীণ স্কুল ক্যাম্পেইন। সোমবার দুপুরে পৌর আদর্শ বিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতেই শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা তাদের স্কুল ক্যাম্পাস পরিচ্ছন্ন করে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে। পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সহকারী পরিচালক ইউসুফ আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশে প্লাস্টিক ও শব্দদূষণের ক্ষতিকর দিক তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগর-এর নির্বাহী পরিচালক সরকার হায়দার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়। স্কুল কর্তৃপক্ষের হাতে ডাস্টবিন হস্তান্তর করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।










