জাতীয় ফার্নিচার মেলা শুরু

- আপডেট: ০৩:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 64
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) গতকাল মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলা। এবারের মেলায় মোট ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীরা ২৭৮টি স্টলে আসবাব, গৃহসজ্জাসামগ্রী ও ডিজাইন প্রদর্শন করছে। এবারের মেলার স্লোগান–‘আমার দেশ, আমার আশা-দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’। এ মেলা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
গতকাল মঙ্গলবার মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আসবাব শিল্পের বিকাশ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরকার। দেশের আসবাব শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এ শিল্পের উন্নয়নে বিনিয়োগ আরও বাড়াতে হবে। দেশের সম্পদ ও সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে দ্রুততম সময়ে বৈশ্বিক আসবাবের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এ খাতের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে সরকার। ব্যবসায়ীদের উচিত উদ্ভাবন বাড়ানো। ফার্নিচার শিল্পের জন্য বাণিজ্য মন্ত্রণালয় নতুন নতুন বাজার খুঁজতে কাজ করছে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ফার্নিচারের দামের জন্য নয়, উদ্ভাবনে ঘাটতির জন্য বিদেশি ক্রেতারা অনেক সময় মুখ ফিরিয়ে নেন। তাই ফার্নিচার শিল্পে উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো জরুরি। কিছু দেশের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এটি ফার্নিচার শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিএফআইওএ) চেয়ারম্যান সেলিম এইচ রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কে এম আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










