নরসিংদী কোর্ট থেকে পলাতক আসামি ডিবির হাতে আটক

- আপডেট: ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 73
নরসিংদী কোর্ট থেকে পলাতক আসামি সাগর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী মডেল থানার উপজেলা মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাগর মিয়া (২৬) নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। তিনি রায়পুরা থানার মামলা নং-০২(৪)২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) তাকে কোর্টে হাজির করে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সে সময় প্রিজন ভ্যানে তোলার মুহূর্তে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সাগর মিয়া। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা (নং-১৯, তারিখ: ১৫/১০/২০২৫) দায়ের করা হয়, যা দণ্ডবিধির ২২৪ ধারায় নথিভুক্ত।
ঘটনার পরপরই নরসিংদী পুলিশ সুপার এর নির্দেশে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য জেলা পুলিশের একাধিক দল অভিযান চালায়। শেষ পর্যন্ত ডিবি পুলিশের একটি বিশেষ টিমের তৎপরতায় সাগর মিয়া ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























