ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

- আপডেট: ১১:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 59
ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতা কার্যকর হয় না—এ কথা তুলে ধরে নেত্রকোনায় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শনিবার স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েস।
স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করা সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সুরক্ষা, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ যোগাযোগ, এনক্রিপশন, দুই ধাপ যাচাইকরণ, ডিজিটাল হাইজিন, প্রাইভেসি সচেতনতা ও ইন্টারনেট শাটডাউন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন,“ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। সচেতন ডিজিটাল নাগরিক গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা এখন সময়ের দাবি।”
কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মুশাররাত মাহেরা। তিনি বলেন,“সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কাজ করেন। এসব তথ্য নিরাপদ রাখতে ডিজিটাল নিরাপত্তার কৌশল জানা জরুরি।”
ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন,“ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতন ও অসচেতন—এই দুই শ্রেণির ব্যবহারকারীর মধ্যে বড় ব্যবধান রয়েছে। যাচাইহীন তথ্য শেয়ার করা ডিজিটাল অধিকারের বড় প্রতিবন্ধকতা।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা, ডেটা ব্যাকআপ, ভাইরাসযুক্ত লিংক শনাক্তকরণ, সোশ্যাল মিডিয়ার গোপনীয়তা রক্ষা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলা ও জিও-লোকেশন নিয়ন্ত্রণ বিষয়ে অনুশীলন করেন।




















