শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

- আপডেট: ০৭:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে। তিনি এই হত্যা মামলার ৫৫ নম্বর আসামি।
পুলিশ সূত্র জানায়, নির্বাচনি সহিংসতায় জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে গ্রেফতারের ঘটনায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাতেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০০ জনকে আসামি করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।








