উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন জামায়াত আমির

- আপডেট: ০৯:১৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 12
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগ্রহীত
দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত এবং দীর্ঘ উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।
নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও কেন্দ্রে আসতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় দিনের শুরুতেই ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সকাল ৮টায় ঢাকা-১৫ সংসদীয় আসনের অন্তর্গত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি গণমাধ্যমের সামনে বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এবারের নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশে মোট ৯ লাখ ৭০ হাজার ৯৪৮ জন নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছেন, যার মধ্যে ১ লাখ ৩ হাজার সেনাবাহিনী, ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন আনসার ও ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য রয়েছেন।
এ ছাড়াও নৌবাহিনী উপকূলীয় এলাকায় এবং বিজিবি, র্যাব ও কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় ৫৫ হাজার ৪৫৪ জন দেশি এবং ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমতি দেওয়া হয়েছে। বিচারিক ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনী অপরাধের ক্ষেত্রে ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পাচ্ছেন।



















