গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তনে কঠোর নির্দেশনা

- আপডেট: ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 14
মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়ম অনুযায়ী মালিকানা পরিবর্তন দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, মালিকানা হস্তান্তর সম্পন্ন না করে সড়কে যানবাহন চালানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী কোনো মোটরযান বিক্রির পর তা নতুন মালিকের নামে হস্তান্তর করা বাধ্যতামূলক। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন না করেই ক্রেতারা যানবাহন সড়ক ও মহাসড়কে ব্যবহার করছেন।
সংস্থাটি আরও জানায়, এ ধরনের অনিয়মের কারণে অনেক সময় বিক্রেতাকে ওই গাড়ির অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে। এতে বিক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
সেবা সহজীকরণের অংশ হিসেবে বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে একই দিনে মালিকানা পরিবর্তন সম্পন্ন করা সম্ভব হচ্ছে। নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।
এ অবস্থায় যানবাহনের মালিকানা পরিবর্তন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। সংস্থাটি সতর্ক করে বলেছে, নির্দেশনা উপেক্ষা করা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



















