অবাধ ভোট হলে ডাকসুতে ছাত্রদলের জয় নিশ্চিত: রুহুল কবির রিজভী

- আপডেট: ০১:৫৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 70
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালির আগে তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে আলোচিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, “হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল এ নিয়ে কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ বা সাধারণ মানুষ কি বোঝে এটা? এটি কখনো ব্যবহার করা হয়নি, কোনো দৃষ্টান্ত নেই। জনগণও এটা চায় না।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপূণ রায়। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির।




















