স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত

- আপডেট: ০৪:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 69
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ—জননিরাপত্তা ও সুরক্ষা সেবা—একীভূত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী পুনর্গঠিত এই মন্ত্রণালয়ের কার্যক্রম এখন থেকে একজন সচিবের অধীনে পরিচালিত হবে।
২০১৭ সালের ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি পৃথক বিভাগ গঠন করা হয়। তবে কাজের পরিধি, সমন্বয়, গতি ও গুরুত্ব বিবেচনায় ২০২৪ সালের নভেম্বরে এগুলো একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের আওতায় ছিল পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।










