জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে

- আপডেট: ০১:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 65
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানান।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব।”
তিনি জানান, গত তিন মাস ধরে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এর মধ্যে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের চলচ্চিত্র ও একটি বুকলেট অন্তর্ভুক্ত রয়েছে।
দেশব্যাপী ১৩০টি ছোট ও চারটি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম চলবে। ইতোমধ্যে ঢাকার পুলিশ সদরদপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীতে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও এক হাজার ২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করার পরিকল্পনা রয়েছে। তারা পরবর্তীতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন।
জিয়া উদ্দিন বলেন, নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী মহড়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।















