ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচসহ নানা সামগ্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল পদার্থ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।
এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বামজোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন ও শতাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন অংশ নিচ্ছে।











