মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই: সেনাসদর

- আপডেট: ০২:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 61
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাসদর। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাসদরের মিলিটারি অপারেশন্স পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে। মুক্তিযোদ্ধাদের আমরা আগেও সম্মান করেছি, আজও করি এবং ভবিষ্যতেও করবো। কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।”
সম্প্রতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে মবের ঘটনায় কর্নেল শফিকুল জানান, সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তিনি আশ্বস্ত করে বলেন, সামনে পরিস্থিতির আরও উন্নতি হবে।
মব পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যখন যেখানে মব সৃষ্টি হয়েছে, সেনাবাহিনী দ্রুত উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে নিয়েছে। কিছু ক্ষেত্রে দেরি হয়েছে তথ্য পেতে সময় লাগার কারণে।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে কাজ করছে। তবে আইনশৃঙ্খলা উন্নয়ন বা রক্ষা করা সেনাবাহিনীর একক দায়িত্ব নয়। গ্রেফতার বা আটক করার পর আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়া বিচার বিভাগের কাজ। সব বাহিনীর সমন্বয়েই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
রাজবাড়ীতে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া এবং দরবারে হামলার ঘটনায় তিনি বলেন, সেনাবাহিনী ঘটনাটি অনেক পরে জানতে পারে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাত ১১টার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দোষীদের গ্রেফতারে তৎপর রয়েছে।










