শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

- আপডেট: ১২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 35
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
সকাল পৌনে ১১টার দিকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হন। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত প্যানেলের সামনে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশন জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার এ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন।
এ মামলার সাক্ষ্যগ্রহণে ইতোমধ্যে ৪৫ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ছয়জন সাক্ষী এবং ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এর আগে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছিল বলে আদালতে জানান।
শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও চিকিৎসকসহ একাধিক সাক্ষী তাদের বর্ণনায় আন্দোলনকালে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহতা তুলে ধরেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্রের পৃষ্ঠাসংখ্যা ৮ হাজার ৭৪৭, যেখানে ৮১ জন সাক্ষীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
















