গণতন্ত্রের মূল্য মানুষের জীবন নয়: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে তারেক রহমান

- আপডেট: ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 44
গণতন্ত্র রক্ষার মূল্য কখনও মানুষের জীবন কিংবা কল্যাণের চেয়ে বেশি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গণতন্ত্রের শক্তি জনগণের কাছ থেকেই আসে। তাদের কণ্ঠস্বর, পছন্দ ও অংশগ্রহণ গণতন্ত্রকে প্রাণবন্ত করে। অংশগ্রহণকারীদের অধিকার সুরক্ষিত থাকলেই কেবল গণতন্ত্র বিকশিত হতে পারে।”
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিটি অধ্যায় জনগণের ত্যাগ, রক্ত ও সংগ্রামের ইতিহাসে লেখা। এ বছরের মূল প্রতিপাদ্য ‘কণ্ঠ থেকে কর্মে’—এটি গণতন্ত্র রক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
বিএনপি নেতার দাবি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র চালু করতে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, বিভাজন, অপতথ্য ও উগ্রবাদ গণতন্ত্র ও আইনের শাসনকে আঘাত করছে। তাই প্রকৃত নির্বাচিত সংসদ গঠনের মাধ্যমে জনগণের ন্যায়বিচার, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের ম্যান্ডেট প্রতিফলিত করতে হবে।
তিনি স্পষ্ট করে লিখেছেন, “জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা হলো একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকার—যা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণকেন্দ্রিক নীতি বাস্তবায়ন করবে। এই আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। আসুন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে এসে গণতন্ত্রের আদর্শকে বাস্তবে রূপ দিই।”




















