বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

- আপডেট: ১২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 85
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন। নির্দেশনা অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং এবং পাঁচজনের বেশি মানুষের একত্র চলাচলও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ইউএনও রাজ কুমার বিশ্বাস বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অরাজকতা প্রতিরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পৌর বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির একটি অংশ। একই এলাকায় অপর গ্রুপের (মাজহারুল ইসলাম সমর্থক) নেতাকর্মীরাও পৃথক কর্মসূচির ঘোষণা দেন। এ নিয়ে মঙ্গলবার সারাদিন উত্তেজনা বিরাজ করে উপজেলা সদরে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ এবং অপর গ্রুপের নেতা উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলামকে ফোন করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।




















