এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ছয় মাসের মধ্যে প্রদানের নির্দেশ হাইকোর্টের

- আপডেট: ১২:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 137
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের ১৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গত বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট এ সংক্রান্ত রায় ঘোষণা করেছিলেন। ওই রায়ে বলা হয়, এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক-কর্মচারীকে অবসরকালীন সুবিধা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, যা অমানবিক ও অন্যায্য।
রায়ে উল্লেখ করা হয়, প্রাথমিক স্তরের একজন শিক্ষক সীমিত বেতনে জীবন চালান। অবসরের পর তাদেরকে মাসের পর মাস কিংবা বছরের পর বছর অবসর ভাতার জন্য ঘুরতে দেওয়া যায় না। তাই অবসরের ছয় মাসের মধ্যে এ সুবিধা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
শিক্ষক সমাজ মনে করছেন, হাইকোর্টের এ রায় এমপিওভুক্ত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে।










