চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম

- আপডেট: ০১:২১:১০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 87
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংঘর্ষের ঘটনার পর পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) থেকে ৯টি বিভাগে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি ও কলা ঝুপড়ির মতো শিক্ষার্থীদের আড্ডাস্থলগুলো ফাঁকা পড়ে আছে। স্বাভাবিক দিনে এসব স্থানে শিক্ষার্থীদের ভিড় থাকলেও আজ সেগুলোতে উপস্থিতি নেই।
সমাজবিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং ব্যবসা প্রশাসন অনুষদের অনেক ক্লাস ফাঁকা থাকলেও কয়েকটি বিভাগে পরীক্ষা ও ক্লাস চলতে দেখা গেছে।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, “একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আবার কিছু বিভাগে ক্লাস শেষ পর্যায়ে। তাই শিক্ষার্থীর উপস্থিতি কম মনে হচ্ছে।”
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন জানান, “৯টি বিভাগে পরীক্ষা চলছে। তবে বিভাগগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে—তারা চাইলে শিক্ষার্থীদের মানসিকতা বিবেচনায় পরীক্ষা নিতে পারে বা স্থগিতও রাখতে পারে।”
উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “এখন থেকে নিয়মিত ক্লাস চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।”




















