০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
বিশ্ববিদ্যালয় শুধু শেখার নয়, সমাজে প্রয়োগের জায়গা : ইউজিসি চেয়ারম্যান

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি
- আপডেট: ০৪:১৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 90

ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন । ছবি: ইউএনএ
“শিক্ষা কেবল নিজের জন্য নয়, বরং এটিকে সমাজ ও দেশের জন্যও কাজে লাগাতে হবে।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।
তিনি বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৪) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,
“বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের পাশাপাশি তা বিতরণেরও জায়গা। শিক্ষক-শিক্ষার্থীদেরকে একসাথে মিলেই নতুন জ্ঞানের জন্ম দিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যার নামে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করতে হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের । শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী না হলে পথ হারানোর ঝুঁকি থাকে।”
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন যাত্রার শুরু। শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলের জন্য নয়, বরং প্রতিটি ক্ষেত্রে তা সৎভাবে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনগণ— অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ), অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর (লাইফ সায়েন্স অনুষদ), অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার (বিজনেস স্টাডিজ অনুষদ) ও অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন (সামাজিক বিজ্ঞান অনুষদ)।
স্বাগত বক্তব্য দেন নবীনবরণ কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম এবং অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মোঃ মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীনদের বরণ করা হয়। এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ট্যাগ :



















