নেপাল সফরে ফ্লাইট দেরিতে ভোগান্তিতে বাংলাদেশ ফুটবল দল

- আপডেট: ০৪:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / 75
নেপাল সফরে গিয়েও দুর্ভোগ পিছু ছাড়ল না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ঢাকায় থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট ছাড়ার কথা থাকলেও তা সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়ে সন্ধ্যা ৭টায় পুনঃনির্ধারণ করা হয়। অবশেষে রাত পৌনে ৮টার দিকে যাত্রা শুরু করে জামাল ভূঁইয়ার দল এবং রাত সাড়ে ৯টায় পৌঁছায় কাঠমান্ডুতে।
এর আগে নেপাল সফরে আরেকবার পুরো একদিন ফ্লাইট বিলম্বের ভোগান্তিতে পড়তে হয়েছিল জাতীয় দলকে। তখন বিমানবন্দরের কাছের হোটেলে রাত কাটিয়ে পরদিন যাত্রা শুরু করতে হয়েছিল তাদের। এবারের অপেক্ষা ছিল ইউসিবি লাউঞ্জে টানা সাড়ে পাঁচ ঘণ্টা।
বাংলাদেশ বিমান দলের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করতে না পারলেও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের স্পন্সর ইউসিবির সঙ্গে যোগাযোগ করে লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করেন।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই সফরে নেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরি। অন্যদিকে মোরসালিন, আল আমিন, ফাহমিদুল ও শ্রাবণ খেলছেন অনূর্ধ্ব–২৩ দলে।










