ডিএসইতে সূচক পতন, লেনদেনে শীর্ষে সিটি ব্যাংক

- আপডেট: ০৪:৪৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 78
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্য সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বাজারে মোট লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকায়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচক পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ব্যাংক খাত। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া ও প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দরপতনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত, যেখানে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৮৭ লাখ টাকার। এরপর ব্যাংক খাতে ১৪৭ কোটি ৮১ লাখ এবং প্রকৌশল খাতে ১৪৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতে ১২৮ কোটি ১৫ লাখ, বস্ত্র খাতে ১২০ কোটি ৯৪ লাখ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭৬ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
রিটার্নের দিক থেকে সবচেয়ে বেশি ইতিবাচক ফল এসেছে জীবন বীমা খাতে (৫ শতাংশ)। তবে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল সিরামিক খাত (২ দশমিক ৩ শতাংশ)। এছাড়া টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৬ শতাংশ, ব্যাংক খাতে ১ দশমিক ৩ শতাংশ, প্রকৌশল খাতে ১ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০ দশমিক ৭ শতাংশ পতন হয়েছে।
একক কোম্পানি বিবেচনায় লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক, যার ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। তালিকায় আরও ছিল ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অগ্নি সিস্টেম, আইটি কনসালটেন্ট, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা এবং লাভেলো আইসক্রিম।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স (৯ দশমিক ৯৯ শতাংশ)। এছাড়া প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, সানলাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলসসহ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
অন্যদিকে সবচেয়ে দরপতন হয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারে (৮ দশমিক ৮২ শতাংশ)। এ ছাড়া এফএএস ফিন্যান্স, সাফকো স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স এবং এসএসএস স্টিলের শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে কমেছে।










