সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে নির্দেশ

- আপডেট: ০৫:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / 89
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব কারিগরি, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে সব পলিটেকনিক, মেরিন, কৃষি, বনবিদ্যা, ফিশারিজ, লাইভস্টক, বিএম প্রতিষ্ঠান ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
একইভাবে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে নির্দেশ দিয়েছে, যেন মিলাদ মাহফিলসহ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করা হয় এবং ধর্মীয় মর্যাদা বজায় থাকে।
প্রসঙ্গত, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হওয়ায় সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। পূর্বনির্ধারিত ৫ সেপ্টেম্বর শুক্রবারের ছুটি পরিবর্তিত হয়ে ৬ সেপ্টেম্বর শনিবার নির্ধারিত হয়েছে। এদিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসা ও ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবার আওতাধীন প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে ছুটি প্রযোজ্য হবে না।




















