জাতীয় পার্টি কার্যালয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধ ২ যুবক হাসপাতালে

- আপডেট: ০৪:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 76
রাজধানীতে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে আহত দুই যুবককে হাসপাতালে আনা হয়। রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং মনির চিকিৎসা শেষে চলে গেছেন।
তিনি আরও জানান, পথচারীদের বরাতে জানা গেছে—রাতে একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওই দুই যুবক। একজনের ডান হাতে ও আরেকজনের বাম হাতে গুলি লাগে।
এর আগে সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে সাড়ে ৭টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা সরে গেলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।










