কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর, খুলে দেওয়া হলো জলকপাট

- আপডেট: ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 70
টানা ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিনফুট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি ছাড়ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানিয়েছেন, বর্তমানে হ্রদে পানির উচ্চতা রয়েছে ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। পানি বাড়তে থাকায় বাঁধের নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি ব্যবহার করে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলছে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে এটি তৃতীয়বারের মতো কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে পানি ছাড়া হলো। এর আগে গত ৪ আগস্ট জলকপাট খুলে একটানা আটদিন পানি ছাড়ার পর ১২ আগস্ট বন্ধ করা হয়। আবার ২০ আগস্ট রাত ৮টা থেকে চারদিন পানি ছাড়ার পর ২৩ আগস্ট বিকেল ৫টায় জলকপাট বন্ধ ঘোষণা করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তবে পানির উচ্চতা বেড়ে গেলে হ্রদের চারপাশের নিম্নাঞ্চলে প্লাবন দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে এ পানি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয় জনগণের জন্য নতুন দুর্ভোগ বয়ে আনতে পারে।
- সর্বশেষ
- জনপ্রিয়










