কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত -২

- আপডেট: ০১:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 53
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন—একই গ্রামের বিছার সরদারের ছেলে সারভান সরদার (৩৫) ও হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার গ্রুপ ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং আরেকজন রাজশাহী মেডিকেলে মারা গেছেন। নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।




















