মাদককাণ্ডে নাম জড়ানোর পর মুখ খুললেন সাফা কবির

- আপডেট: ০৬:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 77
গত বছরের শেষে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিরোনাম হয়েছিলেন টিভি নাটকের তিন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সাফা কবির। সংগীতশিল্পী সুনিধি নায়েকের নামও ঘুরে বেড়ায় এ ঘটনায়। অভিযোগ ওঠে, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করতেন। তখন শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিষয়টি।
সে সময় সম্পূর্ণ নীরব ছিলেন সাফা কবির। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও আড়ালে চলে যান তিনি। দীর্ঘ আট মাস পর অবশেষে মুখ খুললেন এই অভিনেত্রী। জানালেন, মিথ্যা অভিযোগ তার ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছিল।
সম্প্রতি একটি টেলিভিশনের পডকাস্টে অংশ নিয়ে সাফা বলেন, “বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে আমার চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু সেই খবরের কারণে তারা চুক্তি বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে, এটা শুধু একটা নিউজ, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রমাণ দেখাব কীভাবে?”
তিনি জানান, বিতর্ক এড়াতে অনেক সিনিয়র শিল্পীও তার সঙ্গে কাজ বাতিল করেছিলেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সাফার ভাষায়, “সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। আমি বুঝতে পারছিলাম, সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে।”
না জেনে কিংবা প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে অভিযোগ ছড়ানো অত্যন্ত অন্যায় বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তার মতে, “আমাদের পরিবার, কর্মজীবন—সবকিছুই এতে প্রভাবিত হয়। মিডিয়াকে অনেকে আগে থেকেই ভালো চোখে দেখে না। এই ধরনের খবর বাবা-মার মনে আরও ভয় তৈরি করে।”
তবে সংকটের সময়ে কিছু ঘনিষ্ঠ বন্ধু পাশে ছিলেন বলে জানান সাফা কবির। তিনি বলেন, “তৌসিফ মাহবুব বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান অনেক সাহায্য করেছে, সিয়ামও মানসিকভাবে পাশে ছিল। এরা সত্যিই সুন্দর মানুষ। অনেকেই বলে মিডিয়ায় বন্ধুত্ব হয় না, কিন্তু আমি ভিন্ন অভিজ্ঞতা পেয়েছি।”










