কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

- আপডেট: ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 55
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় কারাগারে বন্দি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সুলতানা পারভীন জামিন নামঞ্জুর হয়ে কারাগারে আছেন, তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে ২ সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে, হাইকোর্ট তাকে আগাম জামিন না দিয়ে জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ২১ আগস্ট তিনি কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন, যা ২ সেপ্টেম্বর খারিজ হয়ে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন দিলেও বুধবার (১০ সেপ্টেম্বর) রাত পর্যন্ত তিনি কুড়িগ্রাম কারাগারেই ছিলেন।
ঘটনার পটভূমি:
২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাসা থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। তাকে ক্রসফায়ারে দেওয়ার জন্য ধরলা নদীর তীরে নেওয়া হলেও পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।
ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে আরিফকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং তিনি মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে মামলা হিসেবে রেকর্ড হয় এবং পিবিআই দীর্ঘ তদন্ত শেষে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দেয়।










