জাকসু ভোটে শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

- আপডেট: ১১:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 60
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
তাদের দাবি, ভোর ৬টার কিছু পর ‘গেস্টরুমে যাবেন’ বলে শিবির সভাপতি হলের ভেতরে প্রবেশ করেন এবং একটি রুমে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে অভিযোগকারীরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে জানান। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।
তবে অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বা ছাত্রশিবিরের কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে জাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটের দিনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও ভোট দেওয়ার উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এবারের নির্বাচনে জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ ও ছাত্র ৬ হাজার ১৫ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী।




















