আশুগঞ্জে চলন্ত কালনী এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ

- আপডেট: ০১:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 78
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি আলাদা হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এতে আপ লাইন দিয়ে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর অতিক্রম করার সময় পিছনের তিনটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয় এবং বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করার কাজ শুরু করে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















