ভোট বানচালের ক্ষমতা কারোর নেই: প্রেস সচিব

- আপডেট: ০৩:৪৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 73
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভোট বানচালের কোনো ক্ষমতা কারোর নেই এবং দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পারবে। তিনি এ কথা বলেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে।
শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে এবং এর প্রতিফলন ইতোমধ্যেই ডাকসু নির্বাচনে দেখা গেছে। সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন। এই সময়সূচি থেকে কেউ সরে আসলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরও নির্ভর করে। জনগণ যদি ব্যাপক উৎসাহ ও সচেতনতার সঙ্গে ভোট কেন্দ্রে আসে, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। ডাকসু নির্বাচনের উদাহরণ তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনও একইভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন সম্ভব।
সবশেষে তিনি যোগ করেন, প্রত্যেকে নিজের অবস্থানে সৎ থেকে দায়িত্ব পালন করলে আগামী নির্বাচন হবে সফল ও জনগণমুখী।










