তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সাবেক প্রতিমন্ত্রী বাবর

- আপডেট: ১২:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 63
প্রায় সাড়ে ১৭ বছর পর হঠাৎই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। বাবর বলেন, “ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। দোয়া করবেন।”
এ সময় পার্শ্ববর্তী দেশে ‘পতিত সরকার’ ও এস আলম গ্রুপের বৈঠককে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাবর। তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের কর্ণধারের বৈঠককে বাংলাদেশের নির্বাচনে সহিংসতা সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বাবর আরও জানান, অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় সে বিষয়েও আলোচনায় হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান দায়িত্বশীলরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, বিএনপিও সহযোগিতা করবে।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর তিনি গ্রেপ্তার হন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা পান। দীর্ঘ কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট তিনি মুক্তি পান।










