আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

- আপডেট: ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 55
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ) আরও চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন:
রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২)
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮)
কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০)
গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)
মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাত ১১টা ৫ মিনিটে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। রাত ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি-সাইবার বিভাগ মো. মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।










