ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

- আপডেট: ১২:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 132
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, পবিত্র রমজানের পূর্বেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।”
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে কথোপকথনের সময় তিনি এ আশ্বাস দেন।
ড. ইউনূস আরও বলেন, “নির্বাচনের পর আমি আমার পূর্ববর্তী কাজে ফিরে যাবো।”
আলোচনায় তিনি ব্যাংকিং খাতে পুনর্গঠন, রাজস্ব সংগ্রহ বাড়ানোসহ সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করে বলেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”
ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও রিজার্ভ পুনরুদ্ধারে সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংকটকালীন সময়ে আইএমএফের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।” তিনি আরও উল্লেখ করেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আইএমএফ প্রধানের সঙ্গে প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করেছিল।
কথোপকথনে নেপালে চলমান যুব আন্দোলন, আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আগ্রহ এবং আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প নিয়েও আলোচনা হয়।
আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।










