গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেল অবরোধে ট্রেন চলাচল বন্ধ

- আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 80
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর ফলে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি শুরু করেন।
বিদ্যুৎ বিতরণী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এ ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’-এর ব্যানারে শিমুলতলী সড়কে বিক্ষোভ করেন প্রকৌশলীরা। পরে মিছিল নিয়ে তারা ভুরুলিয়া এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করলে বিকেল সাড়ে ৪টা থেকে দুই ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিত্রা এক্সপ্রেস মৌচাক স্টেশনে আটকা পড়ে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিরুজ্জামান জানান, হঠাৎ এ অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে আন্দোলনকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে প্রায় ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি তারা ভিত্তিহীন ও অযৌক্তিক আখ্যা দেন। বক্তাদের মতে, এ ধরনের দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি করবে এবং শিক্ষার্থী-চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।
বক্তারা এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে। একইসঙ্গে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে নিম্ন পদে নিয়োগ দেওয়ার প্রথা বন্ধেরও দাবি জানানো হয়।
এ ছাড়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ নির্ধারণ করে শিক্ষক সংকট দূর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।
তারা আরও ঘোষণা দেন— কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।




















