‘মুচকি হাসির মাসুল গুনছি’ -পিয়া জান্নাতুল

- আপডেট: ০৯:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 79
দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে তার সঙ্গে আইনজীবীর পোশাকে পিয়ার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসির সেই মুহূর্ত রাতারাতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য রিলস, মিম ও ভিডিও তৈরি হয়। সেই এক ঝলক হাসিই নতুন পরিচিতি এনে দেয় পিয়াকে। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেই ভাইরাল ক্লিপের কারণে তাকে বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে বিষয়টি তার জন্য অনেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পিয়া বলেন, ‘তখন কেন হাসছিলাম সেটি আমি নিজেও জানি না। কিন্তু ওই হাসির জন্য আমাকে বিশাল মূল্য দিতে হয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
শোবিজ অঙ্গনে আইনজীবী হিসেবে কাজ করেন এমন তারকা খুবই কম। সেখানে পিয়া জান্নাতুল একটি ব্যতিক্রমী নাম। তবে একটি মুচকি হাসি তাকে যেমন আলোচনায় এনেছে, তেমনি কম বিব্রতও করেনি।
উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জয় করেন পিয়া। ২০০৮ সালে র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি প্রতিযোগিতায়ও শিরোপা অর্জন করেন। বর্তমানে আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে প্র্যাকটিসের পাশাপাশি মডেলিং জগতেও সক্রিয় রয়েছেন তিনি।




















