‘উদ্ভাবনী মোড়কজাতকরণ’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট: ১২:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 52
ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে “ভোজ্য তেলের জন্য উদ্ভাবনী ক্ষুদ্র মোড়কজাতকরণ: নিম্নআয় পরিবারের চাহিদা পূরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১টায় মাভাবিপ্রবি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের আলোচনা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স বিভাগের ডীন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আজিজুল হক, অধ্যাপক ড. রোকেয়া বেগম, মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এইচ. এন. এম. একরামুল মাহমুদ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ড. রিনা রানি পাল। এছাড়াও সভাটিতে উপস্থিত ছিলেন এফটিএনএস বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভার শুরুতে অধ্যাপক ড. একরামুল মাহমুদ তার গবেষণা বিষয়াবলী উপস্থাপন করেন। এরপর ডিন ও চেয়ারম্যান তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং মূল আলোচনার সূচনা হয়।
ড. রিনা রানি পাল বলেন, ‘ক্ষুদ্র প্যাকেটে তেল বাজারজাত করা নিম্নআয় পরিবারের জন্য সময়োপযোগী; এতে খরচ কমে, অপচয় ও ভেজাল তেলের ঝুঁকি কমে এবং সবাই সহজে স্বাস্থ্যকর তেল পেতে পারে। তিনি আরও বলেন, পাম ওয়েল বা খোলা তেলের অতিরিক্ত ব্যবহার হার্টের রোগের ঝুঁকি বাড়ায় এবং তেল কখনো কেমিক্যাল কন্টেইনারে রাখা উচিত নয়।’
ড. রিনা রানি পাল আরও উল্লেখ করেন, ‘তেল প্যাকেজিং হতে হবে আলো ও অক্সিজেন থেকে সুরক্ষিত এবং পরিবেশবান্ধব; এছাড়া বিএসটিআই অনুমোদন, মেয়াদোত্তীর্ণ তারিখ ও সঠিক লেবেল আইনগতভাবে বাধ্যতামূলক। নিরাপদ তেল ব্যবহারের জন্য সচেতন ভোক্তা ও দায়িত্বশীল উৎপাদকের সমন্বয় অপরিহার্য।’
বহুমুখী আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।




















