লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন

- আপডেট: ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 103
উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।
অনুষ্ঠানের সূচনা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তার মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রদর্শিত হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মভিত্তিক প্রামাণ্যচিত্র। এরপর পণ্ডিত অসিত দে পরিবেশন করেন রাগ ভীমপলশ্রী। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করেন নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং কিংবদন্তি সংগীতজ্ঞের প্রপৌত্র সিরাজ আলী খান সরদে, যিনি দর্শকদের মুগ্ধ করেন তার অনবদ্য পরিবেশনায়।

রাত ৮টা ৪৫ মিনিটে রাগ কিরওয়ানি পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন অভিজিৎ কুন্ডু (ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক ও ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান ও ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার ও মোহাম্মাদ কাওছার (সেতার)।
আন্তর্জাতিক উপস্থিতিতেও ছিল এ আয়োজনের বিশেষ মর্যাদা। জাপান, ইতালি, চায়না, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কোসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজন।
আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দীতে পরিবেশন করেন মনোমুগ্ধকর সংগীত। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে স্মরণে বিশেষ কথোপকথনে অংশ নেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন। অনুষ্ঠানে সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সরোদে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন সিরাজ আলী খান। সহযোগী শিল্পী ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)।
সমগ্র আয়োজনের সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন ও মারিয়া ফারিহ্ উপমা। লালবাগ কেল্লার ঐতিহাসিক প্রেক্ষাপটে সুর, শ্রদ্ধা ও স্মৃতির সমন্বয়ে গড়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।










