জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

- আপডেট: ০২:৩৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 71

ছবি: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল / ইউএনএ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী। রবিবার দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমির ইকবাল হোসাইন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও তার উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আমরা প্রধান উপদেষ্টা বরাবরে উপস্থাপন করেছি।
তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো হলো— ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোটের আয়োজন, নির্বাচনে উভয় প্রক্রিয়া ও পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
তিনি আরও জানান, জামায়াতে ইসলামী, জাগপা, খেলাফত মজলিসসহ সমমনা দলগুলো যৌথভাবে এই স্মারকলিপি প্রদান করেছে। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন করা হোক।



















