নেত্রকোনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

- আপডেট: ১১:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 50
নেত্রকোনা জেলার বৃহত্তর সাতপাই বিএনপি পরিবারের উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাতপাই এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। মুখ্য আলোচক ছিলেন জনাব নুরুজ্জামান নূরু, সাবেক সভাপতি জেলা বিএনপি ও সভাপতি জেলা আইনজীবী ফোরাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা একটি ন্যায়ভিত্তিক, আধুনিক ও জনগণের বাংলাদেশ গঠনের মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে। ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচিই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের রূপরেখা, যা একটি সুশাসিত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দিকনির্দেশনা দেবে।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















