ভেড়ামারায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কৃষকের মৃত্যু

- আপডেট: ১২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 35
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় লালন মন্ডল (৪৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর অবস্থায় লালন মণ্ডলকে ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত রেফাজুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল স্থানীয় এক দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম মারা যান এবং লালন মণ্ডল গুলিবিদ্ধ হন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, রায়টা ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেফাজুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন লালন মণ্ডল। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্তে অভিযান চলছে।





















