বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আসিফ নজরুল

- আপডেট: ০১:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 48
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২৪ নভেম্বর (সোমবার) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। যেকোনো প্রক্রিয়াই বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয়।
আইন মন্ত্রণালয়ের সংস্কারের ধারাবাহিকতার বিষয়ে আসিফ নজরুল বলেন, এ পর্যন্ত ২১টি জায়গায় সংস্কার করা হয়েছে। তবে আইনজীবীসহ সংশ্লিষ্টরা এ প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে সেগুলো টিকবে না।
আইন উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে এখন আর আদালতে যাওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে সেবা নেওয়া যায়। এই প্রক্রিয়ায় একজনের পরিবর্তে তিনজন বিচারককে যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সংস্কার ভাবনা আরও বাস্তবতার আলোকে হওয়া প্রয়োজন। আমরা খুব বেশি করতে পারিনি। তবে আশা করি, নতুন সরকারও এসব উদ্যোগ অব্যাহত রাখবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে।










