সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য: তদন্তকারী কর্মকর্তাকে শোকজ

- আপডেট: ০৯:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 19
জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। বয়স নিয়ে অসঙ্গতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি এ আদেশ দেন।
আদালত আদেশে উল্লেখ করেন, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ থাকলেও পরবর্তীতে আদালতে দাখিল করা পুলিশ ফরোয়ার্ডিং প্রতিবেদনে বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসঙ্গতি আদালতের নজরে আসে।
আদালত আরও বলেন, মামলার শুনানিকালে আসামিপক্ষ থেকে আসামি অপ্রাপ্তবয়স্ক—এমন কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি উত্থাপন করা হয়নি। অথচ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিগোচর হয়েছে। এতে করে আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আদালত।
আদেশে বলা হয়, এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচার এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে হাজির হয়ে বয়সসংক্রান্ত অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এই জামিন আদেশ দেন।




















