ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাস উল্টে দুইজন নিহত

- আপডেট: ০৩:২০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 11
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা খাতুন নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি মিনি বাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ সময় বাসটি উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসে থাকা একাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই বাসের যাত্রী শাহজাহান সিরাজ (৪০) নিহত হন। তিনি উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। পরে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাসটির হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও চারজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।











