উত্তেজনা চরমে, আরব সাগরে ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন বাহিনী

- আপডেট: ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 1
আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের কাছে ‘আগ্রাসীভাবে’ এগিয়ে আসায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ইরানের তৈরি শাহেদ–১৩৯ মডেলের ড্রোনটি ‘অস্পষ্ট উদ্দেশ্যে’ বিমানবাহী রণতরীর দিকে উড়ছিল। আত্মরক্ষা এবং রণতরী ও নৌসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘আব্রাহাম লিংকন থেকে পরিচালিত একটি এফ–৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার্থে ইরানি ড্রোনটি ভূপাতিত করেছে।’ তিনি জানান, ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হননি এবং কোনো সরঞ্জামের ক্ষতি হয়নি।
ড্রোন ভূপাতিতের খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়ে যায়। ঘটনাটি এমন সময় ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা আয়োজনের চেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তিতে পৌঁছানো না গেলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে।
ইরানের জাতিসংঘ মিশন এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে এর কারণ জানা যায়নি।










