বিএনপি ক্ষমতায় এলে বিমানবন্দর সহ ব্যাপক উন্নয়ন করা হবে: তারেক রহমান

- আপডেট: ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে সরকার গঠিত হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুসহ ব্যাপক উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এসব প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “প্রতিবছর শীতে এই এলাকায় আসতাম, দুঃস্থদের কাছে গরম কাপড় পৌঁছে দিতাম। নির্বাচনে দীর্ঘ এক দশক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার ১২ ফেব্রুয়ারি তারা তাদের অধিকার প্রয়োগ করবেন।”
তারেক রহমান বলেন, নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন। তিনি অভিযোগ করেন, মানুষ রাজনৈতিক অধিকারসহ অর্থনৈতিক অধিকারের থেকেও বঞ্চিত হয়েছে। বিগত শাসন নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যর্থ হয়েছে।
চলতি নির্বাচনে ক্ষমতায় এলে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, নারী ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে—ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে, কৃষকদের ঋণ মওকুফ করা হবে এবং সার ও কীটনাশকের সহজ সরবরাহ নিশ্চিত করা হবে। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কল কারখানা গড়ে তোলা হবে, যা কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে।
তারেক রহমান আরও জানান, যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আইটি পার্ক/হাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চা ও শিল্প কারখানা চালু করার পরিকল্পনা রয়েছে।
বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি বলেন, এক যুগ ধরে বর্তমান শাসন জনগণের স্বার্থ উপেক্ষা করেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগ করা হবে।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের মাঠে এক দল অন্য দলের বিপক্ষে কথা বলে, কিন্তু জনগণের জন্য কোনো লাভ হয় না। আমরা জনগণের কল্যাণের জন্য পরিকল্পনা নিয়ে এসেছি। ধর্ম বা বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে বিচার হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি নিরাপদ, বেকারহীন, সমৃদ্ধ ও সুষ্ঠু চিকিৎসা-সেবাপূর্ণ বাংলাদেশ গড়তে আমরা জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব।















