মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

- আপডেট: ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 4
‘মাগো, ওরা বলে/সবার কথা কেড়ে নেবে।/তোমার কোলে শুয়ে/গল্প শুনতে দেবে না।/বলো, মা,/তাই কি হয়?’ মায়ের ভাষার কথা বলার আকুতিকে কবি তার কবিতায় এভাবেই মূর্ত করেছেন। সত্যিই তো। বাংলার দামাল ছেলের মুখ থেকে মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেবে, সে সাধ্য কার? তাই তো তারা বুকের তাজা রক্তের দামে কিনে নেয় মায়ের ভাষায় কথা বলার অধিকার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে তরুণদের রক্তে লাল হয় ঢাকার রাজপথ। আজ তাদের আত্মত্যাগ স্মরণ করার দিন। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কবির ভাষায়-বিপ্লব-সংগ্রামে পুনরায় তাদের স্মরি,/রক্তের বিনিময়ে জাতির গৌরব এনে দিল যারা।/শত্রুরা হারিয়ে গেছে প্রতিবাদ ভয় করি,/একুশের বীরেরা, জ্বেলেছে ভাষার ধ্রুবতারা।/
‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। মাতৃভাষা রক্ষার সেই আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। অন্য বছরের মতো এবারও রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



















