হাতিরঝিলে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

- আপডেট: ০১:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 82
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. উজ্জল আলী (৪৭)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান চালানো হয়। এসময় উজ্জল আলীকে আটক করে তার হেফাজত থেকে হেরোইন উদ্ধার করা হয়।
তালেবুর রহমান জানান, উজ্জল আলী সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীতে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।
এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক আইনের ১৪টি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




















