ভাঙ্গায় দ্বিতীয় দিনে সড়ক সচল, অবস্থান কর্মসূচি অব্যাহত

- আপডেট: ১২:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 63
ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনেও মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে আন্দোলনকারীরা ব্যানার হাতে সড়কের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও মনসুরাবাদ এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিলেও পুলিশের কড়া তৎপরতায় তারা মহাসড়ক ছেড়ে সড়কের পাশে চলে যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, জনগণের ভোগান্তি এড়াতে সড়ক সচল রাখা হয়েছে। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান করছেন, মহাসড়ক খালি রাখা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও অবরোধ হয়নি।
এদিকে আন্দোলনের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক মিঞাকে রোববার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ভাঙচুর, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ‘অবৈধ দাবি’ তুলে সড়ক অবরোধের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান।
উল্লেখ্য, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট প্রকাশের প্রতিবাদে গত রোববার থেকে স্থানীয়রা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করেছেন। আজ সোমবার সেই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে।
























